বৃষ্টি বিদায় নিতেই বাংলায় শীতের হাওয়া! রবিবার থেকেই পারদ নামবে ৪ ডিগ্রি, কবে থেকে বদলাবে আবহাওয়া?
বৃষ্টির পর এবার কি বাংলায় শীতের আমেজ? তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। আগামী রবিবার ও সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গেও একই হারে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পর আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী দুতিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহান্তে ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভব করবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েকদিন আবহাওয়া মনোরম থাকবে। আজ থেকেই শহরে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে। সপ্তাহান্তে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.২ মিলিমিটার।উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে সেখানেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।এ ছাড়াও সিকিম, অসম ও উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে আকভান। এই নামটি দিয়েছে ইরান। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।সব মিলিয়ে, বৃষ্টির সম্ভাবনা কমার পাশাপাশি আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা নামার ইঙ্গিত মিলেছে। ফলে দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকলেও ভোর ও রাতের দিকে শীতের হালকা অনুভূতি পেতে পারেন রাজ্যবাসী।

